বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ‘অজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় প্রেম। প্রায় সাত বছর টিকেছিল। সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতেন এই তারকা জুটি। তবে শেষ পর্যন্ত লুকোছাপা ধরে রাখতে পারেননি তারা। সম্প্রতি এক পডকাস্টে তাদের প্রেম নিয়ে চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন এক প্রাক্তন সাংবাদিক।
পডকাস্টে সাংবাদিক বলেন, ‘তখন তো রণবীর আর ক্যাটরিনার সম্পর্কের কথা কেউ জানে না! এমন সময় একটা গোপন খবর আসল রণবীর নাকি ক্যাটরিনার ফ্ল্যাটে গেছেন। রাত দেড়টার দিকে বের হবে। এই কথা শুনে তো আমরা অবাক! আর পাই কোথায়, সোজা দলবল নিয়ে রাত সাড়ে ১২টা-একটা নাগাদ ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে ঘাপটি মেরে বসে পড়লাম। যেই না রাত দেড়টা বাজল, দেখি রণবীর ভেতর থেকে বের হলো। বেরিয়েই আমাদের দেখে সে পুরো চমকে গেল! মুখে একটা টুপি টেনে সোজা গাড়িতে উঠে স্থান ত্যাগ করল। ওই ঘটনার পর চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে রণবীর-ক্যাটরিনার মধ্যে কিছু একটা চলছে!’
এর কিছুদিন পর আরও একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হন সাংবাদিকরা। এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নেওয়ার পর খবর আসে, বান্দ্রায় ক্যাটরিনার সহকারীর ফাঁকা বাড়িতে দুজনে দেখা করবেন। সাংবাদিক বলেন, ‘কোনো এক ব্যক্তির শেষকৃত্য থেকে ফেরার পর খবর আসল— বান্দ্রায় ক্যাটরিনার এক সহকারীর একটা ফাঁকা বাসা আছে। সেখানে গিয়ে দুজনে চুপিচুপি দেখা করবে। আর যায় কোথায়! আমরা আর পাপারাজ্জিরা তো ওত পেতে ছিলাম সোজা গিয়ে পজিশন নিলাম। ক্যাটরিনা যেই গাড়ি থেকে নামল আমাদের ক্যামেরার শাটার তো তক্ষুনি ফায়ার! এদিকে রণবীর গাড়ির কাচ নামিয়ে আমাদের দেখে এমন এক ভাব ধরল যেন সে ক্যাটরিনাকে বাসায় পৌঁছে দিতে এসেছে! আমরাও কম চালাক নাকি? ভাবলাম, ও তো নামিয়ে দিল দেখি এরপর কী করে। আমরা ওখানেই ঘাঁটি গেড়ে বসে থাকলাম। ঠিক দশ মিনিট পরে দেখি রণবীর আবার সেই গাড়িতে করে ফিরে যাচ্ছেন! আমাদের ক্যামেরা তো আবার চালু!’
তিনি আরও বলেন, ‘আমাদের দেখে তো ভাই সাহেবের মাথা একেবারে গরম। মেজাজ একেবারে চরমে। রণবীর গাড়ি থেকে এক লাফে নেমে সোজা আমাদের দিকে তেড়ে আসলেন। এসেই গাড়ির দরজা খুলে আমাদের ক্যামেরার ব্যাগ আর মাইক্রোফোন সব ছিনিয়ে নিলেন। পরে অবশ্য জিনিসপত্রগুলো ফেরত পাওয়ার জন্য তাঁর সঙ্গে সমঝোতা করতে হয়েছিল। তখন একটা কড়া শর্ত দিয়ে দিয়েছিলেন—‘খবরদার, এরপর যদি আর কখনও আমার পিছু নিয়েছ তবে খবর আছে!’ সত্যি বলতে, সেই দিনগুলোর কথা মনে হলে আজও হাসি পায়। সাত বছর চুটিয়ে প্রেম করার পর শেষমেশ তো সম্পর্কটা ভেঙে গেল। ক্যাটরিনার ঘনিষ্ট বান্ধবী আলিয়াকে বিয়ে করে সংসার পেতে বসল রণবীর।’
ইএইচ/