Dhaka Mail Logo

বিনোদন

বিজ্ঞাপনে খোলামেলা সিডনি সুইনি, সমালোচনার মুখে অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

বিতর্ক যেন পিছু ছাড়ছে না হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে। সম্প্রতি একটি  স্পোর্টস বেটিং প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপন প্রচারের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। বিজ্ঞাপনে তাঁর খোলামেলা উপস্থাপন নিয়ে আপত্তি তুলেছেন সমালোচকরা।

প্রতিষ্ঠানটি মূলত রাজনীতি বা তারকাদের ব্যক্তিগত গসিপের মতো বিষয় বাদ দিয়ে শুধুমাত্র খেলাধুলা নিয়ে কাজ করে। এই বার্তাটি মানুষের মাঝে প্রচার করতেই বিজ্ঞাপনটিতে অভিনব এক পন্থা নেওয়া হয়। বিজ্ঞাপনে দেখা যায়, সিডনি সুইনি শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল এবং হকি স্টিকের মতো খেলার সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে ঢেকে রেখেছেন।

বিজ্ঞাপনটি অনুরাগীদের নজর কাড়লেও অভিনেত্রীর উপস্থাপনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একটি খেলাধুলা সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রচারে কেন একজন অভিনেত্রীকে এভাবে উপস্থাপন করতে হবে। সামাজিক মাধ্যমে অনেকে এই বিজ্ঞাপনকে অরুচিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। একজন সমালোচক তো বলেই ফেলেছেন, ‘এ কারণেই মহিলারা খেলাধুলার জগতে গুরুত্ব পান না।’ তবে সব সমালোচনা যে নেতিবাচক, তা নয়। অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। 

image

বিজ্ঞাপনে সিডনি কেবল একজন মডেল হিসেবে কাজ করেননি। বরং তিনি এই প্রতিষ্ঠানের একজন অংশীদার। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে নানা গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল। যা তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। নতুন প্রতিষ্ঠানটি শুধু খেলাধুলা নিয়ে কাজ করে এবং ব্যক্তিগত বিষয়কে প্রশ্রয় দেয় না। তাই তিনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।’

সমালোচনার মুখে গত রবিবার সামাজিক মাধ্যমে নিজের বিজ্ঞাপনের ছবির পাশাপাশি বিশ্বের বেশ কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের ছবি শেয়ার করেছেন সিডনি। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে ভক্তরা মনে করছেন এটি ছিল সমালোচনার একটি পরোক্ষ জবাব। 

এর আগেও একটি পোশাকের প্রচারণার সময় তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। 

তথ্যসূত্র: জাস্ট জারেড

ইএইচ/