বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ফের মা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন ‘রইস’ খ্যাত এই তারকা। বর্তমানে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে কানাডায় অবস্থান করছেন তিনি, সেখান থেকে সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, সাদা গাউন পরে স্বচ্ছ একটি পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। স্ফীতোদর ছুঁয়ে থেকে মাতৃত্বের প্রশান্তির হাসিমুখে ধরা দিয়েছেন। ক্যাপশনে কোনো রাখঢাক না রেখে সহজ ভাষায় তিনি লিখেছেন, ‘আমরা একরকম ভাবি, আল্লাহ্ আর এক রকম।’ তাঁর পোস্টের মন্তব্যের ঘরে ছেয়ে গেছে ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছা বার্তায়।

চলতি বছর বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা পেয়েছেন মাহিরা। ২০১৬ সালে বলিউডে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দেন ‘রইস’ সিনেমা।
২০০৭ সালে ব্যবসায়ী আলি আসকরিকে বিয়ে করেন মাহিরা। বিয়ের তিন বছর পর ২০১০ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আজলান। তবে ২০১৬ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ বিরতির পর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পর্কে জড়ান মাহিরা। এরপর ২০২৩ সালের অক্টোবরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমান স্বামীর সঙ্গে এবার নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তিনি। মাহিরার প্রথম পক্ষের সন্তান আজলানের বয়স এখন ১৭ বছর। মাহিরার দ্বিতীয় বিয়েতে বড় ছেলে আজলান নিজে হাত ধরে মাকে বিয়ের আসনে এগিয়ে দিয়েছিল।
ইএইচ/