বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
শিল্পীসন্তানদের অভিনয়ে নাম লেখানো নতুন কিছু না। সেই পথে পরিণীতি চোপড়ার একরত্তিও। নেটিফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটেছে অভিনেত্রী ও তার কোলের সন্তানের।
ভারতীয় সংবাদমাধ্যেমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এ কাজ করার সময় পরিণীতি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। ব্যক্তিজীবনের কারণে কর্মজীবন প্রভাবিত হতে পারে আশঙ্কা করে বিষয়টি গোপন রেখেছিলেন। শুধু নির্মাতাদের জানিয়েছিলেন। পেটের সন্ত্যান নিয়েই কাজ চালিয়ে গেছেন। ওই জায়গা থেকে বলা যায় মায়ের সঙ্গে সিরিজটিতে গর্ভের সন্তানও অভিনয় করেছে।

সম্প্রতি ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে বিষয়টি সামনে আনেন অভিনেত্রী। বলেন, ‘শক: ট্রাস্ট নো ওয়ান শুধু আমার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই এই সিরিজটি আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে আমার মনে চিরদিন রয়ে যাবে।’
গর্ভাবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতাও ব্যক্ত করেছেন পরিণীতি। তার সুবিধার কথা মাথায় রেখে নির্মাতারাও কিছু ক্ষেত্রে রদবদল আনেন বলে জানান অভিনেত্রী। দূরের লোকেশনে রাঘবপত্নীর যাতায়াতে অসুবিধা হতো বলে শুটিং সেটের কাছাকাছি অভিনেত্রীর থাকার ব্যবস্থা করেন। গল্পের সৃজনশীল দিক বজায় রেখে অ্যাকশন দৃশ্যগুলোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছিল বলে জানান পরিণীতি।

অভিনেত্রীর কথায়, পুরো টিম পরম যত্নে তাকে আগলে রেখেছিলেন। প্রেগন্যান্সির খবর পেয়ে শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন রাঘব। এছাড়াও মা, শাশুড়ি, ভাই সবাই এই আনন্দের খবর পেয়ে তার থেকে দূরে থাকতে পারেননি। মজা করে পরিণীতি বলেন, ‘সবাই হয়তো ভাবছিলেন, পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?’
২০২৩ সালের সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন রাঘব- পরিণীতি। মহা ধূমধাম করে বিয়ে হয় তাদের। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। ভারতের বিনোদন অঙ্গন ও রাজনীতির মাঠের খ্যাতিমান ব্যক্তিরা এসেছিলেন অতিথি হয়ে। গেল বছরের অক্টোবরে মা হন তিনি।
আরআর