বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
অভিনয়ের মাধ্যমে তানজিকা আমিন মুগ্ধ করেছেন দর্শকদের। উপস্থাপনায়ও সিদ্ধহস্ত তিনি। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন এ অভিনেত্রী।
‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের এ অনুষ্ঠানটির সম্প্রচার রোজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় রান্না নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।
প্রতি পর্বে দুটি পদের রান্না দেখানো হয়। রান্নার রেসিপিগুলো উপস্থাপন করেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। সঙ্গে থাকছে একটি পাপেট চরিত্র, যে তার রসবোধ ও গল্পকথন দিয়ে পুরো অনুষ্ঠান জমিয়ে রাখে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান। বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। গেল ১ মে থেকে নিয়মিত প্রচারিত হচ্ছে।
এর আগে এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় ফেরা সম্পর্কে তানজিকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের কনসেপ্ট যদি পছন্দ হয়। এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
আরআর