Dhaka Mail Logo

বিনোদন

বেশ কয়েকজনকে নেশা করে ধ্বংস হতে দেখেছি, নোবেলকে নিয়ে আফসোস টুলুর

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

শুরুটা রাজকীয়ভাবে হলেও খামখেয়ালী জীবনযাপন ও বিতর্কিত কর্মকাণ্ড সামনে এগোতে দেয়নি সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে। শেষ পর্যন্ত আফসোসের নাম হয়ে আছেন তিনি। তাকে নিয়ে এবার আফসোস করলেন সুরকার সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলু। 

আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নোবেলকে নিয়ে আফসোস করেছেন আশিকুজ্জামান টুলু। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘নোবেলের জন্য খুব খারাপ লাগে একটা কথা ভেবে যে কি অদ্ভুত প্রতিভা সম্পূর্ণ নিজের ইচ্ছায় একেবারে ধূলিসাৎ করে দিল। এত সুন্দর তার গাওয়া ছিল আহা।’ 

সম্প্রতি নোবেলের গাওয়া একটি গান শুনে এ উপলব্ধি টুলুর। তা প্রকাশ পেয়েছে ওই পোস্টে। তিনি লিখেছেন, ‘‘কি আগুন জ্বলছে বুকে’ গানটা শুনলাম, ওর এক্সপ্রেশন, গায়কী, স্কিল, টোন সবকিছু একেবারে পাগল করে দেওয়ার মতো। ও যদি সিরিয়াস থাকত এক্সট্রিমলি ভালো করত। অন্য লেভেলে চলে যেতে পারত। এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে খুব খারাপ লাগে।’’ 

সবশেষে এ সুরকার লেখেন, আসলে এগুলো দেখতে আর ভালো লাগে না। নিজের চোখের সামনে নেশা করে ধ্বংস হয়ে যেতে বেশ কয়েকজনকে দেখেছি, তাই এসব দেখতে আর ভালো লাগে না।’

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু। আর্ক ব্যান্ডও তার হাতে গড়া। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার তিনি। অনেক দিন ধরে করছেন প্রবাস যাপন। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে নিজের সংগীত জীবনের বিভিন্ন ঘটনা ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।

আরআর