বিনোদন প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
সামাজিক মাধ্যম ‘লালপরী’র দখলে। লালপরী হয়ে নেটিজেনদের মন কেড়েছেন অর্চিতা স্পর্শিয়া। এবার কি তবে ঘুম কাড়তে যাচ্ছেন? জবাবে হেসে ঢাকা মেইলকে বললেন, ‘সেটা রিলিজের পর বোঝা যাবে।’
খুলে বলা যাক। ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’ নামে একটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। তার বিপরীতে আছেন ফররুখ আহমেদ রেহান। নির্মাতা জোবায়ের আবির পিয়াল। সম্প্রতি এর পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। টুকটুকে লাল হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। নেটিজেনরা নিয়েছেন লুফে।

দর্শকের এমন সমাদরে মুগ্ধ স্পর্শিয়া বলেন, ‘সবার রেসপন্স দেখে ভালো লাগছে। কেননা আমরা অনেক কষ্ট করে একটি কাজ করি। ভালো সাড়া পেলে মন ভালো হয়ে যায়। আমি মনে করি এই ইতিবাচক প্রতিক্রিয়া শিল্পীদের প্রাপ্য।’ এদিকে টিজারে পাওয়া গেছে ভৌতিক আবহ। তবে কি সেরকম কিছু থাকছে? রহস্য জমিয়ে বললেন, ‘হতে পারে। বাংলাদেশে নতুন কিছু একটা হতে যাচ্ছে।’
‘লালপরী’ হয়ে পর্দায় ধরা দিতে যাওয়া স্পর্শিয়ার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর স্পর্শ অধ্যায় প্রায় শেষের দিকে। এতে মন খারাপ। বললেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হয়ে যাবে ভাবলেই মন খারাপ হয়। এক বছর ধরে কাজটি করছি। দারুণ সময় কাটিয়েছি। কয়েকদিন আগে যখন কাজল আরেফিন অমি তার স্ট্যাটাসে ধারাবাহিকটি শেষের ইঙ্গিত দেন তখন মনে হচ্ছিল, আহারে শেষ হয়ে যাবে! একসঙ্গে শুটিং, সময় কাটানো, মজা করা, মজার মজার খাবার খাওয়া— সব মিলিয়ে খারাপ লাগছে।’’

‘ব্যাচেলর পয়েন্টে’র মাধ্যমে অনেকদিন পর দর্শক একসঙ্গে পেয়েছেন তৌসিফ মাহবুব ও স্পর্শিয়াকে। আনন্দিত তারা। অনেকে পর্দার বাইরেও এ জুটিকে নিয়ে ভাবছেন। মন্তব্যে ইঙ্গিতও দিচ্ছেন। তবে স্পর্শিয়ার সটান জবাব, ‘আমরা দুজনেই বিবাহিত। আতএব আমাদের মদহ্যে কোনো জায়গায়-ই কিছু হওয়ার সম্ভাবনা নেই এবং সেটা উচিতও হবে না। বিষয়টা অনৈতিকও। কেননা আমাদের দুজনেরই পার্টনার আছে। আমরা কমিটেড।’
তবে এরকম মন্তব্যকে নেতিবাচকভাবেও নিচ্ছেন না স্পর্শিয়া। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অভিনেত্রী বলেন, ‘দর্শক যখন কোনো জুটিকে পছন্দ করেন তখন তভালোবাসার জায়গা থেকে মন্তব্যগুলো করেন। আমি তাই নেতিবাচকভাবে দেখি না।’

সবশেষে অভিনেত্রী জানান, নতুন কিছু কাজের প্রি-প্রোডাকশন চলছে। সেগুলো নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ যাচ্ছে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেও থাকবেন তিনি।
আরআর