Dhaka Mail Logo

বিনোদন

যেভাবে আশির দশকের মতো বানাবেন নিজের ছবি

বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

নেটিজেনরা যেন হুট করেই ফিরে গেছেন আশির দশকে। ফেসবুক খুললেই টাইমলাইনে ভেসে উঠছে এইট্টিজের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার বা ভিন্টেজ ফটোশুটের ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রট্রো হেয়ার স্টাইলে ধরা দিচ্ছেন তারকারা। 

কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)-এর জাদুতে সোনালী দিনে ফিরে যাওয়ার ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারাও। ভিন্টেজ ফ্যাশনের ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে তৈরি করেছেন নতুন উন্মাদনা। চাইলে এই উন্মাদনায় শামিল হতে পারেন আপনিও। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন?

প্রথমে এআই ছবি তৈরির কোনো টুলে নিজের পরিষ্কার ছবি আপলোড করুন। ছবিতে মুখ যেন স্পষ্ট থাকে এবং আলো ভালো হয়। এরপর আপনি কেমন ধরনের আশির দশকের লুক চান, সেটি নির্দেশনায় যত পরিষ্কারভাবে লিখবেন, ফলাফলও তত নির্দিষ্ট হতে পারে।

‘৮০-এর দশকের লুক’ লিখলে ছবিতে সাধারণ কোনো আন্তর্জাতিক রেট্রো স্টাইল চলে আসতে পারে। তাই আরও নির্দিষ্ট ফল চাইলে নির্দেশনায় নিজের পছন্দের সময়, স্থান ও পোশাকের কথা উল্লেখ করতে পারেন।

উদাহরণস্বরূপ বাংলাদেশের আশির দশকের ফ্যাশন, পুরোনো ঢাকার রাস্তা, সে সময়ের স্টুডিও, কাঠের আসবাব, পুরোনো টেলিফোন, ফিল্ম ক্যামেরার আলো কিংবা সেই সময়ের জনপ্রিয় পোশাকের কথা যোগ করা যায়। এতে ছবিতে শুধু ভিনটেজ আবহ নয়, বরং স্থানীয় সময় ও সংস্কৃতির ছাপও ফুটে উঠতে পারে।

আরও বিশ্বাসযোগ্য করতে চুলের ধরন ও পোশাকের বর্ণনা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। যেমন ভলিউমযুক্ত ওয়েভি চুল, বড় কলার, পাফড স্লিভ, কোমরে বেল্ট কিংবা উজ্জ্বল রঙের পোশাকের কথা বলা যায়। মেকআপে স্পষ্ট আইলাইনার, একটু গাঢ় লিপস্টিক বা উজ্জ্বল আইশ্যাডোর মতো উপাদানও যোগ করা যেতে পারে।

এদিকে অনেকের প্রশ্ন, কেন আশির দশকে ফিরে যাওয়ার ট্রেন্ডে গা ভাসিয়েছেন নেটিজেনরা? এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। তবে বিভিন্ন সময়কে ধরে ছবি তৈরির প্রবণতা নতুন না। সেটিই এবার উন্মাদনায় রূপ নিয়েছে। 

আরআর