বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে থিতু অভিনেত্রী নাফিজা জাহান। সেখানেই করছেন সংসার। এবার নতুন অতিথি আসছে তার কোলজুড়ে। সামাজিক মাধ্যমে খবরটি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নাহরিন মৌ।
সামজিক মাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের ছবি প্রকাশ করেছেন নওশীন। সেখানে স্বামীসহ দেখা গেছে অভিনেত্রীকে। আরও ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ এবং চিত্রনায়ক কাজী মারুফ।
ক্যাপশনে নওশীন লিখেছেন, ‘আমাদের নাফিজা আর রাজীবের নতুন জীবনের জন্য আমাদের ছোট্ট আয়োজন; আর অনেক অনেক ভালোবাসা। আঁখি আপা তোমাকে অনেক ভালোবাসি, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’ এমন খবর পেয়ে অভিনেত্রীর অনুসারীরা যারপরনাই আনন্দিত। মন্তব্যের ঘর তারা ভরিয়েছেন শুভকামনায়।
২০০৬ সালে সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর মাধ্যমে শোবিজে নাম লেখান নাফিজা। ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে পান পরিচিত। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় তাকে।
জনপ্রিয়তা পেছনে ফেলে ২০১৩ সালের দিকে দেশ ছাড়েন নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাতেন সংসার। সে ঘর বেশিদিন টেকেনি। এরপর ২০২১ সালের নভেম্বরে নিউ য়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। সাড়ে চার বছরের মাথায় এ দম্পতির ঘরে আসছে নতুন অতিথি।
আরআর