Dhaka Mail Logo

বিনোদন

এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধনকে হেনস্থার ঘটনায় পরীমণি

বিনোদন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

ইতালির ভেনিসে একটি পার্কে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন। হামলার পর একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে ধস্তাধস্তি করেছেন। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তান কান্নাকাটি করছে। সেই দৃশ্য দেখেও থামেনি হামলাকারীরা। বাঁধনকে হেনস্তা এবং সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন পরীমণি।  

ঘটনার একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না। করেও নাই।’

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। 

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। তাকে গালাগালও করা হয়। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে যে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমা নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। 

জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।’

বাঁধন আরও বলেন, ‘তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।’

সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর আহ্বান জানিয়ে বাঁধন বলেন,‘ তিনি আশা করেন বিষয়টি তার কাছে পৌঁছাবে।’

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত‘ দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

ইএইচ/