Dhaka Mail Logo

বিনোদন

আগামী ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান বর্ষা

বিনোদন ডেস্ক

০৬ আগস্ট ২০২২, ০৮:৩০ পিএম

নিজেদের সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা নিজেরাই অভিনয় করেন। তবে গণমাধ্যমের সামনে কথা বলার দায়িত্বটা এতদিন অনন্তকে পালন করতে হয়েছে। এবারের চিত্র ভিন্ন। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দিন-দ্য ডে’ সিনেমার প্রচারণায় অনন্তের পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে সমানতালে কথা বলছেন বর্ষা। প্রশংসা বা বিষেদাগার কোনোটায়ই পিছিয়ে নেই তিনি। এবার জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

সম্প্রতি ধানমন্ডিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে আগামী পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান সে বিষয়ে বর্ষা বলেন, কেউ যখন বলে অভিনেত্রী হিসেবে পাঁচ বছর পর নিজেকে কোন জায়গাতে দেখতে চান তখন একটা কথাই বলি অভিনয় নিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শখে এসেছি। ভালো লাগবে না শখ করেই কয়েকটা সিনেমা করে চলে যাব।

অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’ নির্মিত হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় । চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল কমান্ডার ‘এজে’র ভূমিকায় অভিনয় করেছেন। তার মতে এটি শতকোটি বাজেটে নির্মিত সিনেমা।

আরআর