Dhaka Mail Logo

বিনোদন

মেয়ের জন্মদিনে ‘প্রজাপতি’ উপহার দিলেন লুইপা 

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শুদ্ধ গানের হাত ধরে যারা পথ চলছেন তাদের মধ্যে অন্যতম জিনিয়া জাফরিন লুইপা। নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘প্রজাপতি’ শিরোনামে এ কণ্ঠশিল্পীর নতুন একটি গান।

আজ ৫ সেপ্টেম্বর লুইপাকন্যা পায়রার জন্মদিন। এ উপলক্ষে গানটি প্রকাশ করেছেন গায়িকা। গানটিতে মায়ের সঙ্গে মডেলও হয়েছে ছোট্ট পায়রা। সামাজিক মাধ্যমে লুইপা লিখেছেন, ‘আমার মেয়ে পায়রা। এইটুকু বয়সে ওর নামের সার্থকতা রেখেছে। সে আমাদের অস্থির, উড়ালপংখী জীবনে শান্তি এনেছে, স্থিরতা। আর জীবনটাকে করে তুলেছে অর্থবহ। তাই ও শুধু পায়রা না, ও একটা প্রজাপতি। একটা রঙিন প্রজাপতি। তাই ৫ সেপ্টেম্বর তার জন্মদিনে প্রজাপতি গানটা তাকে উপহার দিলাম।’

গানটি গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন নিজের মেয়ে মাইজাহ ইসলাম রিদাকে নিয়ে। বিষয়টি উল্লেখ করে লুইপা লিখেছেন, ‘প্রজাপতি গানের গল্পটাও দারুণ। রবিউল ইসলাম জীবন গানটি লিখেছেন তার নিজের প্রজাপতিকে নিয়ে। আমার মৌলিক গানগুলোর মধ্যে প্রজাপতি গানটি খুব বিশেষ হয়ে রবে।’

নিজের ফেসবুকে গানটি রবিউল ইসলাম জীবন লেখেন, ‘‘আমার কথায় লুইপার নতুন গান ‘প্রজাপতি’। জন্মদিন উপলক্ষে কন্যা পায়রাকে গানটি উপহার দিয়েছে সে। ভিডিওতে ‘প্রজাপতি’ হয়ে উড়েছেন মা-মেয়ে! আমার নিজের ‘প্রজাপতি’, আমার কন্যা মাইজাহ ইসলাম রিদাকে নিয়ে গানটি লিখেছি। সেই গল্প আরেকদিন বলব।’’

‘প্রজাপতি’র সুর ও সংগীতায়োজন করেছেন সাম্যব্রত দৃপ্ত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। 

আরআর