Dhaka Mail Logo

বিনোদন

ভোররাতে কারিনার ঘরে সাইফ, কার কাছে ধরা পড়েছিলেন?  

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

এক সময় চুটিয়ে প্রেম করেছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। এখন চুটিয়ে করছেন সংসার। তবে প্রেমের জোয়ারে ভাসা দিনগুলোর মুখোমুখি এখনও হতে হয় নবাবজাদাকে। এই যেমন জানা গেল, একবার গভীর রাতে কারিনার ঘর থেকে বের হওয়ার সময় অন্য এক তারকার হাতে ধরা পড়েছিলেন সাইফ।

সম্প্রতি অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে অতিথি হয়েছেন সাইফ। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে প্রমো। সেখানে উঠে এসেছে কারিনার সঙ্গে মাখো মাখ প্রেমের দিনগুলো।

জানাশোনা আগে থেকে থাকলেও ‘তাশান’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমে পড়েন সাইফ-কারিনা। সাইফকে অতিথির আসনে বসিয়ে সে আলাপ তোলেন অমিতাভ। বলেন, ‘আপনার বর্তমান স্ত্রী কারিনাজির সঙ্গে আপনার যে প্রেমের গল্প, সেটা তো ‘তাশান’ ছবির সময় শুরু হয়েছিল। এটা কি সত্যি?’ সাইফ উত্তর দেন, ‘হ্যাঁ স্যার, ঠিক।’

‘তাশান’ ছবিতে অক্ষয় কুমারও ছিলেন। ফলে সাইফ-কারিনার প্রেমের শুরুর দিনগুলোর সাক্ষী তিনি। ভোররাতে বেবোর ঘর থেকে বের হতে গিয়ে তার হাতেই ধরা পড়েছিলেন সাইফ। বিগ-বির শোয়েও সাইফের সঙ্গে অতিথির আসনে ছিলেন খিলাড়ি। তাই পুরনো সেই দিনের কথা জানতে অক্ষয়ের শরণাপন্ন হন বচ্চন।

অক্ষয়ও সুযোগ বুঝে গোপন ফাঁস করেন। জানান, তার হাতেই রাতে ধরা খেয়েছিলেন সাইফ। বলেন, ‘আমি তখন ভোর সাড়ে চারটায় উঠতাম। কারিনার ঘর ছিল আমার ঘরের পাশেই। এক দিন হঠাৎ দরজা খুলল। দেখি, এই ভদ্রলোক (সাইফ) বেরিয়ে আসছেন। আমি জিজ্ঞেস করলাম, কী করছেন? তিনি বললেন, না, কিছু না। আমরা দুজন দৌড়াতে যাচ্ছি।’

অক্ষয়ের সঙ্গে সুর মেলান সাইফও। আগের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ! ভোরবেলা দৌড়াতে যাচ্ছিলাম।’ এর পর হেসে অক্ষয়ও বলেন, ‘আসলে তিনি কারিনাকে ঘুম থেকে তুলে দৌড়াতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।’’ এতে হাসির হুল্লোড় ওঠে কেবিসির আসরে। 

আরআর