Dhaka Mail Logo

বিনোদন

দর্শকের অভাবে ‘লাভ ৯৬’-এর সকালের শো চলেনি

বিনোদন প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সালমানকে ঘিরে এক অন্ধ ভক্তের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটি দেশের ২০টি হলে মুক্তি পেয়েছে। 

সালমানকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে যশোর মণিহার সিনেমা হলে। তবে দর্শক উপস্থিত একইবারে নেই বলে জানিয়েছেন হলের কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘দর্শকের অভাবে সকালে শো চলেনি। মাত্র দুইজন এসেছিলেন। দুইজনের জন্য একটি শো চালালে আরও লোকশান। তাই শোটি বন্ধ রেখেছি।’

সিনেমাটি নির্মাণ করেছেন ইভান মল্লিক। সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন প্রাইমারিতে পড়ি, সে সময় প্রথম প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখি। ১৯৯৬ সালে যখন টিভিতে সালমান শাহর মৃত্যুর সংবাদ পাই। সেই বয়সেই খবরটা নিতে পারিনি। নানা দিক থেকে শুনেছি, সালমানের মৃত্যুর খবর শুনে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছে। খবরগুলো ভীষণভাবে নাড়া দেয়।’

image

তিনি আরও বলেন, ‘বয়স যত বেড়েছে, সালমান শাহ আমার আরও প্রিয় হয়ে উঠেছেন। ২০০৮ সালে সিদ্ধান্ত নিই, সালমানভক্তদের উৎসর্গ করে সিনেমা বানাব। আমার বিশ্বাস, নব্বইয়ের দশকের মানুষেরা এই সিনেমার গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’

‘লাভ ৯৬’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা আরিয়ান খান ও পূর্ণতা। এটি তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তাদের চরিত্রের নাম খসরু ও দুলি। 

আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও ‘লাভ ৯৬’ সিনেমায় অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকারসহ আরও অনেকে।

ইএইচ/