Dhaka Mail Logo

বিনোদন

শিশু-কিশোরদের মিলনমেলায় শেষ হলো দোলন বর্ষা আর্ট এক্সিবিশন

বিনোদন প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করার লক্ষ্যে শিশু-কিশোরদের পত্রিকা দোলন আয়োজিত দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সারা দেশের শিশু-কিশোরদের বর্ষা বিষয়ক চিত্রকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিশুদের তুলিতে ফুটে ওঠে বৃষ্টি, নদী, নৌকা, গ্রামবাংলা, সবুজ প্রকৃতি ও বর্ষার নানা রূপ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশু-কিশোর শিল্পী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং এ এ এম কাওসার হাসান, অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।

অনুষ্ঠানে দোলন-এর সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা শিশু-কিশোরদের শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের হাতে রং-তুলি তুলে দেওয়া মানে তাদের কল্পনা ও স্বপ্নকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। দোলন ভবিষ্যতেও শিশুদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি জানান।

সমাপনী অনুষ্ঠানে দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর নির্বাচিত ও বিজয়ী শিশু-কিশোর শিল্পীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীর জন্য ছিল সম্মাননা ও সার্টিফিকেট প্রদানের আয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বায়োস্কোপে বাংলার বর্ষা’। বিশেষ এই আয়োজনে প্রদর্শনীর সেরা নির্বাচিত শিশু-কিশোরদের চিত্রকর্ম বায়োস্কোপের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। শিশুর চোখে দেখা বাংলার বর্ষার সৌন্দর্য এই আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

এ ছাড়া অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিশু-কিশোর, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা মিলনায়তন পরিণত হয় প্রাণবন্ত এক শিল্প-উৎসবে।

আয়োজকরা জানান, শিশুর চোখে বর্ষার বাংলাদেশকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করাই দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর মূল উদ্দেশ্য। শিশুদের আঁকা ছবির মাধ্যমে বাংলার বর্ষা, প্রকৃতি ও জীবনকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের বাঁধাই করা চিত্রকর্ম তাদের কাছে ফেরত দেওয়া হয়। দোলন শিশুদের পত্রিকা আয়োজিত এই শিল্প-উৎসবের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। 

আরআর