Dhaka Mail Logo

বিনোদন

স্তন ক্যানসারে অভিনেত্রীর মৃত্যু 

বিনোদন ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

স্তনের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন জনপ্রিয় নাইজেরীয় অভিনেত্রী আতিনুকে রেমিলোকুন কারিম। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাইজেরিয়ার চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীদের সংগঠন ‘থিয়েটার আর্টস অ্যান্ড মোশন পিকচার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া’ (টাম্পান)-এর পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টাম্পান ওগুন রাজ্য প্রধান ওওয়ালাবি আজাসা সোশ্যাল মিডিয়ায় এক  বিবৃতির মাধ্যমে সংবাদটি প্রকাশ করেন।

মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে নিজের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। আতিনুকে কারিম বলেছিলেন, ‘আমি একজন স্তন ক্যানসারের রোগী। বেশ কিছুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। আমার পরিবার ইতোমধ্যে অনেক টাকা খরচ করেছে। আমি এখন সাহায্য চাইতে এসেছি। আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত, সেই টাম্পানও অনেক চেষ্টা করেছে, কিন্তু তা যথেষ্ট নয়।’ সেসময় দুই ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে দেশবাসীর কাছে আর্থিক সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আকুতি জানিয়ে বলেছিলেন, ‘আমাকে এভাবে মরতে দেবেন না। আমার দুটি ছোট শিশু সন্তান আছে। নাইজেরিয়াবাসী, আপনাদের সামর্থ্যমতো যেকোনো পরিমাণ অর্থ দিয়ে দয়া করে আমাকে সাহায্য করুন।’

টাম্পান ওগুন রাজ্যের জনসংযোগ কর্মকর্তা ফেমি সোলাজার স্বাক্ষরিত শোকবার্তায় ওওয়ালাবি আজাসা এবং পুরো সংগঠনের পক্ষ থেকে প্রয়াত অভিনেত্রীর চিকিৎসায় যারা আর্থিক ও মানসিকভাবে পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় সহকর্মী আতিনুকে যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, প্রার্থনা করেছেন এবং বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার এই কঠিন সময়ে আপনাদের সহানুভূতি ও সহযোগিতাকে তার পরিবার এবং আমরা সবাই অত্যন্ত মূল্যবান বলে মনে করি।’

অভিনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সংগঠনটি আরও জানায়, শত চেষ্টা পরও আতিনুকে ক্যানসারের কাছে হেরে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। 

ইএইচ/