Dhaka Mail Logo

বিনোদন

মৃত্যুর গুজবের মধ্যে অভিনেতা বললেন রাজনৈতিক নেতাদের মতো অতটাও খারাপ নই

বিনোদন ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম

টলিউডের বরেণ্য অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে সয়লাব সামাজিক মাধ্যম। গত সোমবার বিকেলে কিছু পেজ থেকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অভিনেতার মৃত্যুর খবরে অনুরাগীদের মধ্যে গভীর শোক ছায়া নেমে আসে। 

তবে মৃত্যুর খবর চোখে পড়া মাত্রই মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম জানায়, অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন। এই ধরনের ভুয়ো খবরে কেউ যেন কান না দেন।

এরপর এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন বিপ্লব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার সম্পর্কে সম্প্রতি ফেসবুকে একটি বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে। আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন থাকব। যে বা যিনি এ কাজ করেছেন, কেবল আমার সম্পর্কে নয় আর যাঁদের সম্পর্কে এ ধরনের খবর দেবেন একটু ভেবেচিন্তে দেবেন। চট করে কাউকে মৃত বলে দেওয়াটা ঠিক নয়। এটা স্পষ্টতই শিক্ষার অভাব।’

তাঁর পরিবারের সদস্য, প্রতিবেশী এবং আর্টিস্ট ফোরামের সতীর্থরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তবে ক্ষোভের মাঝেও স্বভাবসুলভ রসিকতা ধরে রাখতে ভোলেননি এই অভিনেতা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনেকেই আমাকে পর্দায় খলনায়কের চরিত্রে দেখেছেন। সেভাবেই চেনেন। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমি যতই খারাপ চরিত্রের অভিনয় করি না কেন, রাজনৈতিক নেতাদের মতো অতটাও খারাপ নই।’

উল্লেখ্য, বয়সের কারণে এখন অভিনয়ে অনিয়মিত বিপ্লব চট্টোপাধ্যায়। সাম্প্রতিককালে ‘অসুর’, ‘দুর্গ রহস্য’ এবং ‘সাবাস ফেলুদা’ সিনেমায় দেখা গেছে। 

১৯৭০ সালে সত্যজিৎ রায়ের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’-এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিংহের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। 

ইএইচ/