Dhaka Mail Logo

বিনোদন

কনসার্ট শেষে আইসিইউতে ভর্তি গায়ক

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে জমকালো পারফরম্যান্সের পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী লাইনেল রিচি। গত ২৯ আগস্ট (শুক্রবার) রাতে শো শেষ করার পর তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির খবরে ভক্তদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংগীতশিল্পীর ট্যুরের সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র রোলিং স্টোনকে জানিয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

image

দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছে, শনিবার রাতে শো শেষে তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন। এর আগে টিএমজেডের সূত্রে জানা যায়, তিনি পানিশূন্যতা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো মেডিকেল প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

২৯ আগস্টের কনসার্টে রিচি তাঁর জনপ্রিয় গান ‘অল নাইট লং’ পরিবেশনার সময় তাঁর টিমকে একটি টুল আনতে বলেন। এরপর বাকি গানটি তিনি বসে গেয়ে শোনান।

image

এর আগে গত মে মাসে মিনেসোটার সেন্ট পলে গান গাওয়ার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন এই গায়ক। মঞ্চে ওঠার ৫৫ মিনিট পর তাঁর মাথা ঘুরতে শুরু করলে তিনি বসে পড়েন। এ সময় তিনি মজার ছলে দর্শকদের বলেন, ‘যখন মাথা ঘুরবে তখন নিজের সিটে বসে পড়া উচিত।’ অসুস্থ অবস্থায় তিনি প্রায় ৪০ মিনিট গান চালিয়ে যান। এরপর তাঁর ব্যান্ডের স্যাক্সোফোন বাদক ডিন সোল্ডো দর্শকদের জানান, রিচি অসুস্থ বোধ করছেন।  কনসার্টটি আর চালিয়ে যেতে পারছেন না। ওই ঘটনার পর তাঁর পরের দুটি শো বাতিল করা হয়েছিল। 

অসুস্থতার খবরে আগামী কনসার্টগুলো নিয়ে শঙ্কা তৈরি হলেও এখনও কোনো শো বাতিলের ঘোষণা আসেনি। তাঁর পরবর্তী কনসার্টটি আগামী ২৬ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগামী ডিসেম্বরে ব্রাজিলের সাও পাওলোতে পারফর্ম করার কথা রয়েছে।

ইএইচ/