বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম
শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করার লক্ষ্যে শিশু-কিশোরদের পত্রিকা দোলন আয়োজিত দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে শিশু-কিশোর শিল্পী, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, চিত্রনায়ক ও জাসাস সভাপতি হেলাল খান, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এম কাওসার হাসান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন দোলন-এর সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
সমাপনী অনুষ্ঠানে দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এ অংশগ্রহণকারী ও নির্বাচিত শিশু-কিশোর শিল্পীদের পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আয়োজন ‘বায়োস্কোপে বাংলার বর্ষা’, যেখানে শিশু-কিশোরদের আঁকা নির্বাচিত চিত্রকর্ম বায়োস্কোপের মাধ্যমে তুলে ধরা হবে।
দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর মূল ভাবনা ছিল শিশুর চোখে বর্ষার বাংলাদেশকে দেখা। বৃষ্টি, নদী, নৌকা, সবুজ প্রকৃতি, গ্রামবাংলা ও বর্ষার নানা অনুষঙ্গ শিশু-কিশোরদের কল্পনা ও তুলিতে ফুটে উঠেছে এই আয়োজনে।
আয়োজকরা জানান, শিশুদের শিল্পচর্চাকে উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভাকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক আরও নানা আয়োজন অব্যাহত রাখবে দোলন শিশুদের পত্রিকা।
আরআর