বিনোদন প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
গেল বছর ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজ দিয়ে সকল মনোযোগ নিজের দিকে টেনেছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ট্রাক ড্রাইভার আব্বাস ও তার আট স্ত্রীকে নিয়ে নির্মিত কনটেন্ট যুক্ত করেছিল দর্শকদের। এবার আসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’। সিক্যুয়েলে নির্মাতা হিসেবে অমিতাভের সঙ্গে থাকছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ।
ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই। তবে ঝেড়ে কাশেননি। এর আগে সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছিলেন সিক্যুয়েলে আগের শিল্পীদের অনেকে থাকবেন। সেইসঙ্গে যুক্ত হবেন নতুন শিল্পীরা। নির্মাতা জানান আপাতত অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কাজ চলছে। আগামী ডিসেম্বরে শুরু হবে শুটিং।

এর আগে একসঙ্গে বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ। এবার শুধু সিরিজ নয়, আরও দুটি সিনেমা যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছেন তারা। এ নিয়েও মুখ খোলেননি। জানা গেছে, আগামী বছর ছবি দুটির নির্মাণকাজ শুরু হবে।
স্ত্রীর সঙ্গে যৌথ পরিচালনা প্রসঙ্গে অমিতাভ সংবাদমাধ্যমকে বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক। এই পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি।’

‘বোহেমিয়ান ঘোড়া’-এ মোশাররফ করিম ছাড়াও ছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। এবার কারা যোগ হচ্ছেন সেটাই দেখার অপেক্ষা।
আরআর