বিনোদন ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও ‘মিতু জিতুর গল্প’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। কথা লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. কাজী সালেহীন। সুর, সংগীত পরিচালনা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং-মাস্টারিং এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর। গানটি প্রকাশ পেয়েছে ডক্টর কাজী প্লানেটের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।
মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে, ভালোবাসায় পূর্ণ দুটি মানুষের জীবন কীভাবে হঠাৎ কোলন ক্যানসারের কারণে বদলে যেতে পারে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা, সঠিক সময়ে ক্যান্সার স্ক্রিনিং করলে অনেক ক্ষেত্রেই ক্যানসার প্রতিরোধ বা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব।
বেলাল খান বলেন, ‘‘গান মানুষের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনও আনতে পারে। ‘মিতু জিতুর গল্প’ এমনই একটি ব্যতিক্রমী কাজ, যেখানে গান ও সচেতনতার সুন্দর সমন্বয় হয়েছে। আমি বিশ্বাস করি, এই গানটি শুধু শ্রোতাদের ভালো লাগবে না, বরং অনেক মানুষকে ক্যানসার স্ক্রিনিং সম্পর্কে সচেতন হতেও উদ্বুদ্ধ করবে। এমন একটি অর্থবহ কাজের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’’
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাহদী আল মুজাহিদ। অভিনয়ে রয়েছেন শেখ রাতুল রহমান ও অহি ইসলাম অথৈ। বিশেষ উপস্থিতিতে রয়েছেন রুনা হক। বিশেষ অংশে ভয়েস ওভার দিয়েছেন হাসান মাহাদী।
আরআর