Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু হত্যা, ঘাতক পলাতক

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০১:২৫ এএম

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে।

স্থায়ীয়রা বলছেন, ঘাতক মাদকাসক্ত, তাকে আটকের জন্য খুঁজছে পুলিশ ও স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চররুহিতা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ চররুহিতা এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে।

অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, রিয়াদকে রুবেল সুপারি গাছে উঠতে বলে। কিন্তু রিয়াদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। 

পরে আহত অবস্থায় রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই রুবেল পালিয়ে যায়। এতে তাকে আটক করা সম্ভব হয়নি। 

চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে না ওঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএম