Dhaka Mail Logo

বিনোদন

ভাইয়ার সঙ্গে কাজটা ঠিক করেন নাই— সাদনিমাকে কেন বলছেন দর্শকরা?  

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

দর্শকদের প্রিয়মুখ হয়ে উঠেছেন সাদনিমা বিনতে নোমান। সামাজিক মাধ্যমে তার অভিনয়ের প্রশংসা করতে দেখা যায় নেটিজেনদের। তবে অভিনেত্রীকে হজম করতে হচ্ছে নেতিবাচক মন্তব্য। সবার এক কথা, আপনাকে ভালো ভেবেছিলাম। আসলে আপনি খারাপ। সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিষয়টি।

এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা দর্শকের এই প্রতিক্রিয়া সাদনিমার ওপর না। ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ নাটকে তার অভিনীত চরিত্রটির ওপর। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে সাদনিমা লেখেন, ‘‘গত রাত থেকে অনেক মেসেজ আসছে আমার কাছে। বলতে গেলে সবই নেগেটিভ মেসেজ। সবার একই কথা— ‘আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি খারাপ, ভাইয়ার সাথে কাজটা আপনি ঠিক করেন নাই।’’

noman

শুরুতে ধাক্কা খেলেও বিষয়টি পরিষ্কার হতে সময় লাগেনি সাদনিমার কাছে। এ রকম উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রথমে বিষয়টা সত্যিই একটু ভয় লাগছিল। কারণ এমন কিছু তো হওয়ার কথা না! তাহলে সবাই আসলে কোন বিষয় নিয়ে এমন মন্তব্য করছেন?’

এরপর হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘পরে বুঝতে পারলাম, আমার নতুন কাজ এক্স ইক্যুয়ালস টু প্রেম দেখার পরই এমন প্রতিক্রিয়া! যাক তাহলে বিষয়টা দর্শকদের কাছে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি আমরা।’

নাটকে সাদনিমার বিপরীতে আছেন খায়রুল বাসার। অভিনেত্রীর গৃহশিক্ষকের ভূমিকায় দেখা যায় তাকে। একটা সময় তাকে প্রেমের ফাঁদে ফেলে সাদনিমার চরিত্র। যা মানতে পারছেন না নেটিজেনরা। সে কারণেই নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন সাদনিমাকে। 

natok

সাদনিমার পোস্টে মন্তব্য করেছেন খায়রুল বাসারও। মজা করে লিখেছেন, ‘মাস্টারকে কেউ এমন বোকা বানায়? এটা তুমি কি করলা!’ সাদনিমাও কম যাননি। উত্তরে লেখেন, ‘বোকাদের প্রেমের ফাঁদে ফেলার কিন্তু আলাদা মজা আছে।’ তাদের সে কথোপকথনে যোগ দেন নেটিনেনরাও। দুজনের অভিনয়ের প্রশংসা করেন তারা। 

গেল ২৭ আগস্ট ইউটিউবে প্রকাশ পায় ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’। এর চিত্রনাট্যকার ও পরিচালক টিটো রহমান। এরইমধ্যে দর্শকরা লুফে নিয়েছেন নাটকটি। ফলে দুই মিলিয়নের ঘর ছাড়িয়েছে ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’। 

আরআর