Dhaka Mail Logo

বিনোদন

প্রেম নির্ভর নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমান নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে। এছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করে তোলা হচ্ছে। যা সমাজের নৈতিক কাঠামো ধ্বংস করছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে নোটিশে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এছাড়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বাধানিষেধ রয়েছে এবং ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।

নোটিশে আরও জানানো হয়, প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষানির্ভর চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।

ইএইচ/