বিনোদন প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
সামাজিক মাধ্যমে চোখ রাখলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে আছেন অভিনেত্রী পারসা ইভানা। বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও থেকে স্পষ্ট— দারুণ সময় কাটছে তার। কখনও প্রকৃতির কাছাকাছি, কখনও সঙ্গীদের সঙ্গে উৎফুল্ল মেজাজে ধরা দিচ্ছেন।

সেসবের খানিক ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন মায়ের সঙ্গে সময় কাটাতে ট্রাম্পের দেশে গেছেন তিনি। সেই ফাঁকে ঘুরে দেখছেন ক্যাটস্কিল মাউন্টেন, জিম থর্প। বললেন, ‘মায়ের কাছে এসেছি। ক্যাটস্কিল গেলাম। জিম থর্প (পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব অংশ) গেছি। নিউইয়র্ক ঘুরে বেড়াচ্ছি।’

পাশাপাশি প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা চলছে পারসার। সময়টা মনমতো উপভোগ করতে বন্ধুর সঙ্গে নাচের কভার করতেও ভুলছেন না। ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে। নেটিজেনরাও ভরিয়ে দিচ্ছেন মন ভালো করা সব মন্তব্য ও প্রতিক্রিয়ায়।

নিউ ইয়র্ককে নিজের বাড়ির মতো মনে হয় পারসার। এরকম উল্লেখ করে বললেন, ‘পুরনো শিক্ষকের সঙ্গে দেখা করে একটা ক্লাস করেছি। পাশাপাশি এখানে বন্ধুদের সঙ্গে নাচের কভার, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া চলছে। ভালোই সময় কাটছে। নিউ ইয়র্ককে আমার নিজের বাড়ির মতো মনে হয়।’

যুক্তরাষ্ট্রে আরও দিন পনেরোর বেশি থাকবেন পারসা। ফিরবেন সেপ্টেম্বরের মাঝামাঝি। তার আগ পর্যন্ত সময়টা মন ভরে উপভোগ করতে চান অভিনেত্রী। মা, বন্ধু-বান্ধব আর প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চান।

হাতে সময় পেলেই যুক্তরাষ্ট্রে ছুটে যান পারসা। মায়ের সঙ্গে সময় কাটান। এর আগে সেখানকার ফ্রিম্যান স্টুডিওতে অভিনয়ে প্রশিক্ষণও নিয়েছেন। অভিনয়ের বিষদ জানতে গেল বছর এ প্রশিক্ষণ নেন অভিনেত্রী।
আরআর