বিনোদন প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
সংগীতশিল্পীর পাশাপাশি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারও মাশা ইসলাম। এবার সেই পরিচয়ে যুক্ত হয়েছেন জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ডয়চে ভেলে’-এর ভ্রমণ প্রামাণ্যচিত্রে। গতকাল বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রামাণ্যচিত্রের একটি ঝলক শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই গায়িকা।
জানা গেছে, জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যমের ‘ডয়চে ভেলে ট্রাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’ উইংয়ের যৌথ উদ্যোগে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা বৈচিত্র্যময় রূপ বিশ্বের সামনে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। এতে বাংলাদেশের উপস্থাপক হিসেবে কাজ করেছেন মাশা ইসলাম। তার সঙ্গী জার্মান প্রতিবেদক এমা ক্রেমার।

ঢাকা মেইলকে মাশা ইসলাম বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম একটা বড় আন্তর্জাতিক অর্জন! জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কাজ করেছি।’
তিনি যোগ করেন, “ডয়চে ভেলের ‘ডয়চে ভেলে ট্রাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’ উইংয়ের সঙ্গে যৌথভাবে চমৎকার একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে। জার্মান উপস্থাপক এমা ক্রেমারের সঙ্গে আমি নিজে এই প্রামাণ্যচিত্রটি উপস্থাপনা করেছি। শুটিংয়ে অংশ নিয়েছি। পুরো প্রামাণ্যচিত্র বাংলাদেশের সংস্কৃতি ও জীবনের ১০টি ভিন্ন ও সুন্দর গল্প ফুটিয়ে তোলা হয়েছে।”

এদিকে ট্রাভেল সিরিজের ভিডিওটি প্রকাশ করে মাশা ইসলাম লিখেছেন, ‘আমিই প্রথম ডয়চে ভেলে ট্রাভেলের সঙ্গে কাজ করা বাংলাদেশি ইনফ্লুয়েন্সার ও শিল্পী। তাদের সঙ্গে ভ্রমণ প্রামাণ্যচিত্র উপস্থাপনা ও শুটিং করার অভিজ্ঞতা দারুণ। সামনে আরও অনেক ভিডিও আসছে! এটি আমার জীবনের একটি বড় অর্জন।’
‘ডয়চে ভেলে ট্রাভেল’ দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস ও ঐতিহ্য তুল ধরতে কাজ করছে। তারাই ধারবাহিকতায় এবার বাংলাদেশ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করল।
ইএইচ/