বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
সালমান খানের মানুষের পাশের দাঁড়ানোর গল্প নতুন না। কখনও শরীরের রক্ত দিয়ে কখনও পকেটের অর্থ দিয়ে মানুষের সাহায্য করেন ভাইজান। এবার তিনি নিলেন নিজের বডি ডাবলের চিকিৎসার দায়িত্ব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হৃদরোগে ভুগছিলেন সালমানের দীর্ঘদিনের বডি ডাবল পারভেজ কাজী। গেল ৬ আগসট নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় তাকে। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর হার্টে অস্ত্রোপচার করা হয় তার।
খবর পেয়েই ছুটে আসেন সালমান। পারভেজের পাশে দাঁড়ান। তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না সে ব্যাপারে নিশ্চিত হন। একইসঙ্গে অস্ত্রোপচার পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা নিশ্চিত করেন।
এ নিয়ে পারভেজের সহকারী পীযূষ বলেন, “গোটা সময়টা তিনি আমাদের সঙ্গেই ছিলেন। সালমান স্যর নিজের ভাইয়ের মতো দেখেন পরভেজ় স্যরকে। সঙ্গে সঙ্গে সাহায্য করেন তিনি।” বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
দীর্ঘদিন ধরে সালমানের বডি ডাবল হিসেবে কাজ করছেন পারভেজ। ক্যামেরায় টাইগারের হয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্য তিনিই সামলান। ‘সুলতান’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘দবং ৩’সহ অসংখ্য ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছেন পারভেজ।
আরআর