বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
বলিউড অভিনেত্রী তাপসী পান্নূ ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। একজন ইট মারলে আরেকজন ছুড়ছেন কথার পাটকেল। তারই ধারাবাহিকতায় এবার কঙ্গনা নিজেকে রাজপুতদের একজন বলে গর্ব করলেন এবং তাপসীকে ভাড়াটিয়া বলে দিলেন খুঁচিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার দাবি, তাপসী ভাড়া বাড়িতে থেকেছেন। তার পরিবারের সঙ্গে নিজের পরিবারের তুলনাও টানেন। কঙ্গনার দাবি, তাঁর বাবা-মা একটি সুপরিচিত রাজপুত জমিদার পরিবারের অংশ। তাই ভাড়া বাড়িতে থাকা মানুষ তাঁর শিক্ষা ও বড় হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছিলেন, কঙ্গনার সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। এমনকি তাঁদের মধ্যে হওয়া বিবাদের আগে বা পরেও তাঁরা মুখোমুখি হননি। আরও জানান, তাঁদের কথাবার্তা ও আচরণই বলে দেয় তাঁরা ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। দুজনের লালনপালনেও পার্থক্য আছে বলে মনে করেন তিনি।
এরপরই মুখ খোলেন কঙ্গনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “বিষয়টা দুর্ভাগ্যজনক। তবে ও (তাপসী) একা নয়। শহরের প্রান্তে সঙ্কীর্ণ, অন্ধকার ভাড়া বাড়িতে থাকা এবং সন্দেহজনক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা অনেকেই আমার লালনপালন নিয়ে প্রশ্ন তোলেন।”
নিজেকে নিয়ে আরও বলেন, “নিজের পায়ে দাঁড়িয়ে শূন্য থেকে শুরু করা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তার জন্য আমার বাবা-মাকে আক্রমণ করা হবে কেন? এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে?”
আরআর