বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম
আকাশ ছোঁয়া তারকার খ্যাতি বলিউড বাদশা শাহরুখ খানের। অর্থের দিক থেকে বহু আগেই ইন্ডাস্টির সবাইকে পেছনে ফেলেছেন। তবুও শুধু বলিউডের বড় মাপের তারকারা নন, নবাগতদের সঙ্গেও তাঁর ব্যবহার মুগ্ধ করার মতো। সম্প্রতি বলিউড বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী হিনা খান।
তখনও তিনি বলিউডের প্রতিষ্ঠিত কোনো অভিনেত্রী নন। সবেমাত্র ক্যারিয়ার গুছিয়ে তোলার লড়াই করছেন। ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়াল শুরু হওয়ার প্রায় দেড় বছর পরের ঘটনা সেটি। হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে তখন হিনার বেশ জনপ্রিয়তা।
ঠিক সেই সময়ে বিমানে শাহরুখের সঙ্গে দেখা। হিনা বলেন, “প্রথমবার এসআরকের সঙ্গে দেখা হয়েছিল একই বিমানে। দেখলাম, উনি আমার পাশের সিটে বসে আছেন। উত্তেজনায় একবার তাকিয়ে দেখলাম উনি ঘুমোচ্ছেন। আবার তাকালাম, তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি একটা ছবি তুলতে চাইছিলাম কিন্তু উনি তো কিছুতেই ঘুম থেকে উঠছিলেন না। অবশেষে কফি খাওয়ার জন্য উঠলেন। হাত নেড়ে হাই বলে ছবি তোলার অনুমতি চাইলাম। উনি বললেন, ‘অপেক্ষা করো, তোমার সঙ্গে ছবি তুলব।’ তারপর কফি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন।”
বিমান থেকে নামার সময় হিনা ভেবেছিলেন তাঁর সেলফি তোলার স্বপ্ন আর পূরণ হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শাহরুখ নিজে হিনাকে ডেকে ছবি তোলেন।
সেসময় একটি ছবির প্রচারে ভীষণ ব্যস্ত ছিলেন বলিউড বাদশা। ঠিকমতো ঘুমানোর সুযোগ না পাওয়ায় যাতায়াতের মাঝে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।
শুধু হিনা নন, অভিনেতা অভিনব শুক্লাও তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে শাহরুখের প্রশংসা করেন। পাঞ্জাব থেকে মুম্বইয়ে এসে মডেলিং শুরুর দিনগুলোতে র্যাম্প শোয়ের ব্যাকস্টেজে প্রথম শাহরুখকে দেখেছিলেন অভিনব। তাঁর কথায়, ম্যানেজারকে ছেড়ে শাহরুখ নিজে থেকে তাঁর দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়েছিলেন। যা আজও ভোলেননি তিনি।
ইএইচ/