Dhaka Mail Logo

বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আদালতে রিমান্ড চাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সহজ হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে! এছাড়া, বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার প্ররোচনায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়েও জানতে রিমান্ডে নেওয়া জরুরি।

এর আগে গত ৯ আগস্ট ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন আশরাফুল হক ডন। সেই দিন আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় ঢাকাই সিনেমার মহানায়ক সালমান শাহের। প্রথমে একে অপমৃত্যু হিসেবে গণ্য করা হলেও পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই ও পরিবারের রিভিশন আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২০ অক্টোবর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর নিহতের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও আশরাফুল হক ডনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।

ইএইচ/