বিনোদন প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
দক্ষিণী সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। হায়দরাবাদের মল্লা রেড্ডি ইউনিভার্সিটিতে আয়োজিত প্রচার অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ের মধ্যে সাউন্ড বক্স ও লাইটিং সেটআপের একটি অংশ ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
ছবিটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে মল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইয়াশকে একঝলক দেখতে সেখানে হাজার হাজার শিক্ষার্থী ও ভক্তরা ভিড় জমান। অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়ানোর জন্য পুলিশ আগে থেকে শিক্ষার্থীদের সাউন্ড বক্স ও লাইটিং সেটআপের কাছ থেকে দূরে সরে যেতে বলেছিল। কিন্তু ভক্তদের উপচে পড়া ভিড় শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি।
ঘটনার সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন অভিনেতা ইয়াশ। সেই সময় হঠাৎ করে মঞ্চের কাছাকাছি থাকা শিক্ষার্থীদের ওপর ফ্লাডলাইট ভেঙে পড়ে। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আকস্মিক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

মঞ্চ থেকে পরিস্থিতি দেখার সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দেন ইয়াশ। উদ্বিগ্ন হয়ে আয়োজকদের কাছে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। পাশাপাশি ভক্তদের শান্ত থাকার এবং সাবধানে বসে পড়ার অনুরোধ জানান অভিনেতা। জানা গেছে, কিছু শিক্ষার্থী ইয়াশের কাছাকাছি যাওয়ার জন্য সাউন্ড বক্স ও অন্যান্য যন্ত্রপাতির ওপর চড়ে বসেছিলেন। যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
গীতু মোহন্দাস পরিচালিত ‘টক্সিক’ পিরিয়ড গ্যাংস্টার ঘরানার ছবি। সিনেমাটিতে ইয়াশের সঙ্গে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো তারকারা।
ইএইচ/