Dhaka Mail Logo

বিনোদন

চলে গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সৌকার জানকী  

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সৌকার জানকী আর নেই। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। নাদিগার সংঘের সভাপতি নাসের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

দীর্ঘ সাত দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষার প্রায় চারশ চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি তিনশটিরও বেশি মঞ্চ নাটকে অংশ নেন। তাঁর কর্মজীবনের শুরুতে একজন রেডিও শিল্পী হিসেবে কাজ করেছিলেন। ১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র ‘শভুকরু’-তে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘সৌকার’ উপাধি। বহুমুখী অভিনয় দক্ষতার জন্য তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্থান দখল করে রেখেছিলেন। চলচ্চিত্রে শিল্পী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মশ্রীসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন। 

নাদিগার সংঘের তথ্য অনুযায়ী, ভক্ত, বন্ধুবান্ধব এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার বিকেল ৫টা থেকে চেন্নাইয়ের তেনামপেটের সেন্টাফ রোড প্রাঙ্গণে তাঁর মরদেহ রাখা হবে। তাঁর প্রয়াণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।  

ইএইচ/