বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
চিত্রনায়িকা মৌ খান সম্প্রতি নাম লেখিয়েছেন থ্রিলার ও অ্যাকশন ঘরানার একটি ওয়েব ফিল্মে, যার নাম ‘শিকারি’। ভিন্নধর্মী গল্প আর রোমাঞ্চকর চরিত্রে নিজেকে মেলে ধরতেই দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি। পরিচালনা করেছেন মেহেদী হাসান।
জানা গেছে, ‘শিকারি’ ওয়েব ফিল্মটির মূল ভিত্তি হচ্ছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপরাধ জগত এবং একটি রোমাঞ্চকর মিশন। এই গল্পে মৌ খানের চরিত্রটি বেশ রহস্যময় ও বুদ্ধিমত্তাসম্পন্ন। চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও পারফর্ম করতে হয়েছে। নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।
মৌ খান বলেন, ‘সিনেমার চেয়ে ওয়েব ফিল্মের ক্যানভাস ও গল্প বলার ধরণ এখন অনেক উন্নত। ‘শিকারি’র স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, এক নিশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবে না।’
এরইমধ্যে শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব ফিল্মে কাজ করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন মৌ। সেই ধারাবাহিকতায় ‘শিকারি’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ হতে যাচ্ছে বলে জানান এই নায়িকা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরইমধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের রুচি মাথায় রেখে এর নির্মাণশৈলীতে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। শিগগিরই মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আরআর