বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
গেল জুনে নতুন সিনেমা ‘লিম্বো-এর ঘোষণা দিয়েছিলেন ‘ন ডরাই’-খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সিনেমাটি মহাকাশের রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে। এ সিনেমার চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’-এর লেখক বিপ্লব গোস্বামী। বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অংশু নিজেই।
তিনি লিখেছেন, “গল্পই যদি না জমে, তবে সিনেমার আলো-ঝলমল কিংবা মিউজিকের সুর—সবই কেমন যেন ফিকে লাগে। সেটা ওটিটি হোক, নাটক কিংবা মিউজিক ভিডিও! ‘ন ডরাই’ বানানোর সময়েও মূল ভাবনাটা ছিল একটি নিখুঁত গল্প তৈরি করা। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্যামল সেনগুপ্তের কাছে। যাঁর কলম থেকে আমরা ‘বুনো হাঁস’, ‘লস্ট’, ‘অন্তহীন’ কিংবা ‘অপরাজিতা তুমি’র মতো গল্প পেয়েছি। এবার আমার নতুন জার্নি ‘লিম্বো’। আর এর ক্যানভাস আরও বড় করতে আমার সঙ্গে আছেন সাড়া জাগানো চলচ্চিত্র ‘লাপাতা লেডিজ’-এর লেখক বিপ্লব গোস্বামী।”
দীর্ঘ বিরতির পর ‘লিম্বো’ দিয়ে আবারও নির্মাণে ফিরছেন অংশু। সংবাদমাধ্যমকে নির্মাতা বলেন, ‘গত ছয়-সাত বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম, যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।’
এর আগে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’
ইএইচ/