বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম
খবরের কাগজের পাতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে ধর্ষণ, নির্যাতন ও হত্যার নির্মম সব খবর। একের পর এক ঘটে যাওয়া এমন ঘটনার সাক্ষী হতে হতে সহিংসতা যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।
প্রতিটি ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মানুষ, উত্তাল হয় রাজপথ, ওঠে বিচারের দাবি। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতিও আসে। কিন্তু সময়ের স্রোতে অনেক ঘটনা হারিয়ে যায়, আর দীর্ঘসূত্রতার জালে আটকে পড়ে বহু ঘটনা।
সম্প্রতি ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ছোট্ট রামিসাকে। হৃদয়বিদারক এই ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেককে। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকেই গীতিকবি মাহবুবুল খালিদ রচনা করেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামে গান।
“রামিসা এসে যোগ দিল/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনও/ নুসরাত আছে লাইনে…।”—এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন গীতিকার মাহবুবুল খালিদ। গানটিতে গীতিকারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। একই নামে থাকা ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
আরআর