বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম
চলচ্চিত্র অঙ্গনে নেমে এল শোকের ছায়া। মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ। ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। গত ১৫ জুলাই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রায় এক মাস পর রোববার (১৬ আগস্ট) বিষয়টি জনসমক্ষে এনেছে তার পরিবার।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন অনন্যা। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি একজন অদম্য যোদ্ধার মতো লড়াই চালিয়ে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে ছিলেন।

অনন্যার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ অভিনেত্রীর চলে যাওয়া কেবল তার পরিবারের নয়, বরং পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি।
ক্যারিয়ারে ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তেলুগু থ্রিলার ছবি ‘থাগগেদে লে’ এবং ত্রিভাষিক ছবি ‘মাদরাসি গ্যাং’ সিনেমায় কাজ করেছিলেন।
অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার। সেই সঙ্গে তাদের গোপনীয়তা রক্ষার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
ইএইচ/