Dhaka Mail Logo

বিনোদন

দুই যুগ আগের গান প্রকাশ করলেন মুন, সঙ্গী ভাই শুভেন্দু 

বিনোদন প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

মুক্তি পেয়েছে অটমনাল মুনের নতুন গান ‘তোমাকে দেখা মানে’। গানটিকে নিজের প্রিয় সৃষ্টির একটি বলছেন গায়ক। কেননা একই গানে তিনি বাঁধা পড়েছেন সহোদর ভাই শুভেন্দু দাস শুভর সঙ্গে। 

গানটি নিয়ে গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে মুন লেখেন, ‘‘তোমাকে দেখা মানে’ আমার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে একটি। আমার এই গানের সঙ্গে বড় হয়ে উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। তখনও গানটি রিলিজ করা হয়নি। অবশেষে গান ও শুভেন্দু দু জন-ই তরুণ হলো। দুই ভাই দুটি গিটার নিয়ে বাজিয়ে ফেললাম। আমি একা বাজালে কখনও এই গান এরকম হতো না।’’ 

516814212_4148821888694937_3546623143009015698_n

নিজের সৃষ্টি নিয়ে আত্মবিশ্বাসী মুনের কথায়, ‘‘গানটি আটকে ছিল দ্বিধা-দন্দে,ভুল ছন্দে, তবুও ভালো মন্দে আকড়ে রেখেছিলাম বুকের পাঁজরে, সজোরে। আমি মরে ভূত হওয়ার পর, ভূত বন্ধুরাও আশা করি বলবে ‘মুন পাগলা, ভালো গান বানিয়েছিস।’’ 

ঢাকা মেইলকে মুন বলেন, ‘গানটির কথা ও সুর ২০০২ সালের দিকে করা। কিন্তু কেন যেন রেকর্ড করব ভেবেও করা হচ্ছিল না। মনে হচ্ছিল আমার মতো করে করব। ততদিন মনে ও মগজে বেড়ে উঠুক। এভাবে প্রায় দেড় দশক কেটে যায়। পরে ২০১৬ সালের দিকে রেকর্ড করি। সম্প্রতি অডিও প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করলাম।’ 

shuvo

গানটির সঙ্গে মুনের পাশাপাশি শুভেন্দুর জড়িয়ে থাকা প্রসঙ্গে বলেন, শুভেন্দুকে যখন দেখলাম মিউজিকের দিকে ঝুঁকেছে তখন বেশ আনন্দিত হয়েছিলাম। দুই ভাই একসঙ্গে গান করব, অন্যরকম কিছু সৃষ্টি হবে— এরকম ব্যাপার কাজ করছিল। পরে ওর সঙ্গে এক ব্যান্ডে বাজিয়েছি, একসঙ্গে অনেক গান করেছি। খেয়াল করেছি ও সঙ্গে থাকলে আমার সৃষ্টিতে পরিপূর্ণতা আসে। ওর হারমনি, গিটার আমার গানে পরিপক্কতা দেয়। এই গানের বেলায়ও তাই মনে হয়েছে। গানটির সংগীতায়োজন দুজন মিলে করেছি। গিটার, হারমোনাইজ সেকশনগুলোও শুভেন্দু করেছে।’’ 

অনেকদিন ধরে গিটারের সঙ্গে সংসার মুনের। বাদ্যযন্ত্রটি কথা শোনে তার। ক্ষেত্রবিশেষে ছয়তারের গিটারে সন্তুরের সুরও তোলেন। মুন বলেন, আমি গিটারে কলমের সাহায্যে সন্তুর বাজাই। অন্য কাউকে এটা করতে দেখিনি। ২০০০ সাল থেকে আমি এটা করছি। এই গানেও রেখেছি সেটি। 

571243587_32774270695490515_2088838185918993689_n

মুন জানালেন, গানটি অডিও প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। এর পাশাপাশি নিজের গানগুলোতে সময় দিচ্ছেন তিনি। অপ্রকাশিত গানগুলো প্রকাশেও হয়েছেন মনোযোগী হয়েছেন। 

আরআর