Dhaka Mail Logo

বিনোদন

ইলেকট্রিসিটি গোল্লাছুট খেলা শুরু করেছে: জাকারিয়া সৌখিন 

বিনোদন ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

দেশে চলমান বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত। বেশিরভাগ গ্রাম অঞ্চলে অধিকংশ সময় বিদ্যুৎ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিদ্যুতের বেহাল অবস্থা নিয়ে সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গন। এ তালিকায় যুক্ত হলেন নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন। 

বুধবার (১২ আগস্ট) এক পোস্টে তিনি লেখেন, ‘আমার এলাকায় আগে ইলেকট্রিসিটি যেতো না বললে চলে। কারণ এটি ঢাকা শহরের মোটামুটি একটি ভালো এলাকা। এখানে অনেক প্রভাবশালী সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তি বসবাস করেন। তাই তাদের আরাম-আয়েশের সুবাদে আমার মতো কিছু নিরীহ মানুষও এই সুবিধাটুকু পেতো। ভিআইপি না হয়েও, ভিআইপি ভাব আর কি!’ 

তবে সাম্প্রতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে জানিয়ে নির্মাতা লেখেন, “গত কয়েকদিন ধরে ভিআইপি সুবিধা আর পাচ্ছি না। ইলেকট্রিসিটি গোল্লাছুট খেলা শুরু করেছে। যায় আর আসে।একেবারে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ টাইপ অবস্থা। যাকে বলে বালিকাদের অভিমান। কোনো ঠিক-ঠিকানা নাই।” আজকের দিনের উদাহরণ টেনে তিনি জানান, সকাল থেকে বিদ্যুৎ ৬ থেকে ৭ বার আসা-যাওয়া করেছে।

ঢাকার অভিজাত এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ভাবতেছি, আমার এলাকায় যদি এই অবস্থা হয়। তাহলে প্রতিটি জেলা, উপজেলা আর গ্রামের কী অবস্থা? ইলেকট্রিসিটি থাকছে না। অথচ বিল হয়ে গেছে ডাবল। কেমন আছো বাংলাদেশ?’

জাকারিয়া সৌখিনের পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে একমত পোষণ করে দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন নেটিজেনরা।

ইএইচ/