বিনোদন ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
আজ ১০ আগস্ট প্রকাশ পেয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শিশুশিল্পী ইসরাত অতিথি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অতিথির মেজ বোন সাফিনা।
তিনি বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও। এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করত হতো ওকে।’
উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় অতিথি। জিপিএ–৪ পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ এ শিশুশিল্পী। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অতিথি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা বেশ। সেখানে পরীক্ষার ফলাফল নিয়ে সে লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ।
আরআর