Dhaka Mail Logo

বিনোদন

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন টি ডব্লিউ সৈনিক

বিনোদন ডেস্ক

০৯ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি ও শিল্পীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের পাশাপাশি বাংলা সংস্কৃতি ও সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়। এরই ধারাবাহিকতায় টি ডব্লিউ সৈনিকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

টি ডব্লিউ সৈনিক নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, সংগীতে তাঁর বিশেষ অবদানের জন্য ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাঁকে সম্মানিত করায় তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আনন্দিত।

এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সংগীত ও সংস্কৃতিতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাঁদের সম্মান জানানোও নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন গুণী শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্মানিত করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।