Dhaka Mail Logo

বিনোদন

হাসানকে বোতল নিক্ষেপ, বিচার না হলে কনসার্ট করবেন না আয়োজকরা

বিনোদন ডেস্ক

০৮ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের বোতল ছুড়ে মারা হয় ব্যান্ড তারকা হাসানকে। এরপর থেকেই সামাজিক মাধ্যম সমালোচনায় উত্তাল। এবার ক্ষমা চাইল কনসার্টের আয়োজক মুনসুন কালচারাল অ্যালায়েন্স। 

ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বর্ষা বিপ্লবের গান কনসার্টে হাসান ভাইয়ের সঙ্গে ঘটা অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে আর্ক ব্যান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করি।...আর্ক ব্যান্ডের কোটি কোটি ভক্ত-অনুরাগী ও শ্রোতা আছেন, যাঁরা এই ঘটনায় মর্মাহত হয়েছেন। আমরা তাঁদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

আরও লেখা হয়, ‘স্থান ও জনসমাগমের কথা মাথায় রেখে স্টেজের মূল ভাগ নিরাপদ রাখার জন্য তিন স্তরের মজবুত নিরাপত্তাবেষ্টনী প্রস্তুত করা হয়। পুলিশ প্রশাসন, পর্যাপ্ত এলিট ফোর্স, বাউন্সার এবং শতাধিক ভলান্টিয়ার নিয়োজিত ছিল। এরপরও সন্ধ্যা-পরবর্তী সময়ে একদল উগ্র শ্রোতা সকল নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলে এবং পুলিশ প্রশাসনসহ আমাদের ভলান্টিয়ারদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে মূল অংশে ঢুকে পড়ে। লাখ লাখ মানুষের সমাগম ও পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে এই ক্রাউডকে ভিন্ন কোনো পন্থায় বাধা দিতে গেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই এভাবেই শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। এই অবস্থায় আর্ক ব্যান্ডের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। অনভিপ্রেত মুহূর্তটির জন্য আমরা সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

ভাইরাল ভিডিওতে দেখা যায় মঞ্চে মাইক্রোফোন হাতে হাসান। হঠাৎ তার দিকে উড়ে আসে একটি বোতল। শরীরের ওপর পড়ায় অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। যদিও কিছুক্ষণ পর ফের পারফর্ম শুরু করেন। হাসানের প্রশংসা করে আয়োজকরা লেখেন, ‘অপ্রত্যাশিত ঘটনা ঘটার পরও হাসান ভাই উপস্থিত শ্রোতাদের নিরাশ করেননি, বরং তিনি তাঁর শিল্পীসত্তাকে সামনে রেখে শেষ পর্যন্ত পারফরম্যান্স চালিয়ে গেছেন, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়েছে।’

বিচার চান আয়োজকরাও। অন্যথায় তারা কনসার্টের আয়োজন করবেন না উল্লেখ ক্রএ লেখা হয়েছে, দোষী ব্যক্তিদের শাস্তির বিষয়ে আয়োজকেরা বলেন, ‘শ্রোতা নামধারী এই দুষ্কৃতকারীদের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ধরনের ধৃষ্টতার বিচার যেকোনো মূল্যে হওয়া প্রয়োজন। এই অপকর্মের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আমরা আর কোনো কনসার্টের আয়োজন করব না।’

এদিকে এ ঘটনা নিয়ে হাসানও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন তার কোনো অভিযোগ নেই। তবে এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে নজর দিতে বলেছেন গায়ক। 

আরআর