বিনোদন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম
বলিউড তারকা আমিশা প্যাটেল আজকাল সিনেমায় অনিয়মিত। তাই আগের মতো আলোচনায়ও নেই। পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনও গাঁটছড়া বাঁধেননি। নেটিজেনদের কৌতূহল কবে বিয়ে করবেন ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির অভিনেত্রী।
এবার বিয়ে নিয়ে আমিশা সাফ জানিয়ে দিলেন, জীবনে বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁর। বরং একা থাকতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান, তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন? জবাবে সোজাসাপ্টা উত্তর দিয়ে আমিশা লেখেন, ‘কখনও না। একা থাকতে দারুণ লাগছে। আমার জীবনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় একশোজন মানুষ আছেন যাঁদের অনেক ভালোবাসা পাই। সেখানে নতুন করে একজন পুরুষ এসে জীবনের সব সমীকরণ বদলে দিক সেট চাই না।’

ক্যারিয়ারের শুরুতে প্রেমের সম্পর্কের বলিদান দিতে হয়েছিল নায়িকাকে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয়ে পা রাখার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তাঁর গভীর প্রেম ছিল। পারিবারিক-সামাজিক অবস্থান ও পড়াশোনা— সব মিলিয়ে আদর্শ একটি সম্পর্ক ছিল। আমিশার চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে আপত্তি ছিল তাঁর। শেষ পর্যন্ত প্রেমিকাকে ছেড়ে অভিনয়কে বেছে নেন অভিনেত্রী।
অভিনেত্রীর ভাষ্য, ‘যিনি সত্যি ভালোবাসবেন তিনি কখনও সঙ্গীর পেশাগত সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। জীবনে প্রেমের জন্য অনেক কিছু হারিয়েছি। তেমনই ক্যারিয়ারের জন্যও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’
তবে কি চিরকালের জন্য বিয়ের দরজা বন্ধ করে দিয়েছেন? পুরোপুরি সেই সম্ভাবনা উড়িয়ে দেননি ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত এই তারকা। তাঁর মতে, সঠিক মানুষ পেলে বিয়ে করতে আপত্তি নেই। এখনও দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবার থেকে তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসে।
উল্লেখ্য, বলিউডে কেরিয়ারের শুরুর দিকে একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। তবে পরিচালক বিক্রম ভাটের সঙ্গে তাঁর প্রেম ও বিচ্ছেদের সম্পর্কটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল।
ইএইচ/