বিনোদন ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
দর্শকদের জন্য সুখবর দিল জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এবার বিনামূল্যে প্ল্যাটফর্মটির কনটেন্ট উপভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে সুযোগটি সবার জন্য না। নির্দিষ্ট ব্যবহারকারীরা পাচ্ছেন এ সুযোগ। নতুন অ্যাকাউন্ট খুললে যোগ্য ব্যবহারকারীরা ৩০ দিন, আর কেউ কেউ ১৫ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে নেটফ্লিক্সের সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি দেখার সুযোগ পাবেন।
নেটফ্লিক্সের হেল্প সেন্টার জানিয়েছে, এই অফারটি সব ব্যবহারকারীর জন্য নয়। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ডিভাইস এবং অবস্থান (লোকেশন) যোগ্য হলে সাইন-আপের সময় অফারটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। অফার না দেখালে বুঝতে হবে, ওই অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার জন্য নির্বাচিত হয়নি। তবে সব ব্যবহারকারীর জন্য ট্রায়ালের মেয়াদ এক নয়। কেউ ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন ১৫ দিনের অফার।
শুরুতে নেটফ্লিক্সের ওয়েবসাইটে যেতে হবে কিংবা অ্যাপ ডাউনলোড করতে হবে। অব্যবহৃত ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সাইন-আপের সময় ‘ট্রাই ৩০ ডেস ফোর জিরো’ অথবা ‘১৫ দিনের ফ্রি ট্রায়াল’ অফার আছে কি না দেখতে হবে। এরপর পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করতে হবে।
এরপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা সমর্থিত ইউপিআই-এর মাধ্যমে একটি বৈধ পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করলেই ট্রায়াল সময়ের মধ্যে বিনা খরচে কনটেন্ট দেখা যাবে।
তবে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। অন্যথায় নির্বাচিত প্ল্যানের অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই বিনা খরচে ট্রায়াল ব্যবহার করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।
এর আগে ২০২০ সালের দিকে বিশ্বজুড়ে ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর সীমিত পরিসরে এই সুবিধা ফিরিয়ে এনে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
আরআর