Dhaka Mail Logo

বিনোদন

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, শিরোনামহীন-আর্টসেলসহ মঞ্চ মাতাবেন যারা

বিনোদন ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বর্ষা বিপ্লবের গান’। আগামীকাল ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। মনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকাশিল্পী ও ব্যান্ডগুলো। 

দর্শকদের জন্য উন্মুক্ত এই আয়োজনে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা পাশাপাশি একক শিল্পী আসিফ আকবর, সেজান এবং ব্যান্ড দল কুঁড়েঘর। তালিকায় আরও আছেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজি আহনাফ তাহমীদসহ বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতের এই আয়োজনের মাধ্যমে ৩৬ জুলাইকে স্মরণ করতে চান তারা। শিল্পী ও দর্শক একসাথে মিলিত হয়ে গণ-অভ্যুত্থানের স্মৃতি উদ্‌যাপন করবেন। 

image

অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরাও নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দর্শক-শ্রোতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্যান্ডদল কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান এক ভিডিও বার্তায় বলেন, ‘‘তারুণ্যের ব্যান্ড ‘কুঁড়েঘর’ বিপ্লব করছে গানে গানে। প্রশ্ন তুলছে সবখানে। কুঁড়েঘরের সঙ্গে কণ্ঠ মেলাতে ৫ আগস্টে চলে আসুন ‘বর্ষা বিপ্লবের গান’ এ।’’ অন্যদিকে শিরোনামহীন এক ভিডিওবার্তায় বলে, ‘‘গণঅভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট আমরা শিরোনামহীন মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি ‘বর্ষা বিপ্লবের গান’ নিয়ে। একসঙ্গে গাইবো আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান। সবাইকে সঙ্গে চাই।’’ 

র‍্যাপার সেজান বলেন, ‘একটা মঞ্চ, হাজারো কণ্ঠ আর একটাই অনুভূতি–একসঙ্গে গাইব, একসঙ্গে থাকব। ৫ আগস্ট দেখা হবে। গান শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি আর ইতিহাসেরও ভাষা। আমরা সবাই একসঙ্গে গাইব, সবার সঙ্গে দেখা হবে কসসার্টে।’

আয়োজন ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা, মঞ্চ নির্মাণ এবং দর্শক ব্যবস্থাপনার প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। 

ইএইচ/