বিনোদন ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম
আগস্ট মাসজুড়ে দর্শকদের জন্য বিনোদনের বিশেষ আয়োজন রাখছে ওটিটি মাধ্যম চরকি। চার সপ্তাহে চারটি কনটেন্ট নিয়ে আসছে এ স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। পুরো দর্শকরা বৈচিত্র্যময় সব গল্প দেখতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।
আগস্টের ৬ তারিখে মুক্তি পাচ্ছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’। আফজাল হোসেন, আফসানা মিমি অভিনীত এবং মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১৩ আগস্ট। চরকি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ মুক্তি পাচ্ছে ২০ আগস্ট। মাহমুদুর রহমান হিমি পরিচালিত কনটেন্টটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি। ২৭ আগস্টে আসছে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ অভিনীত কনটেন্টের পরিচালক ফুয়াদুজ্জামান ফুয়াদ।
প্রতিটি কনটেন্টের ধরণ আলাদা। ড্রামা ঘরানার ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’ সিনেমায় উঠে এসেছে রাজনৈতিক দর্শন। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব। সিনেমাটি প্রযোজনা করেছে খালিদ মাহবুব তুর্য।
একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রঙিন সুরমা’। চরকির এই অরিজিনাল কনটেন্টে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে এক ফ্রেমে দেখার সুযোগ পাবেন দর্শকরা। ‘রঙিন সুরমা’ ফ্যামিলি ড্রামা ঘরানার সীমিত দৈর্ঘ্যের কনটেন্ট।
সাবিলা নূর অভিনীত কমেডি ঘরানার কনটেন্ট ‘ফাইসা গেছি’। ফ্ল্যাশ ফিকশনটি একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়া মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়েই কনটেন্টটির কাহিনিচিত্র। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ফাইসা গেছি’তে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু, করভী মিজান।
‘পেইন্ট অন ড্রাই লিফ’ একটি অতিবাস্তব পৃথিবীর গল্প। যেখানে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের অদম্য টিকে থাকার ইচ্ছা ও লড়াইয়ের কথাই উঠে এসেছে। ড্রামা ঘরানার এ কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ।
আগস্টে ৪ কনটেন্ট মুক্তি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ’আগস্টের ৪ সপ্তাহে দর্শকরা ৪টি ভিন্ন জনরার কাজ পেতে যাচ্ছেন। কনটেন্টগুলো বেশ বৈচিত্রময়, যেমন এর মধ্যে রয়েছে রাজনৈতিক দর্শন, ড্রামা, কমেডি ধাঁচের গল্প। সেপ্টেম্বরের আবার ভিন্ন জনরার কনটেন্ট মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’
দর্শকরা চরকির অফিসিয়াল ওয়েবসাইট chorki.net ও মোবাইল অ্যাপে কনটেন্টগুলো দেখতে পারবেন।
আরআর