বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
গেল ২০২৪ সালের ৯ আগস্ট পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়াকে (ছদ্মনাম) ধর্ষণ ও হত্যা করা হয়। এতে প্রতিবাদে ফেটে পড়েছিল মানুষজন। এবার সে ঘটনা উঠে আসছে ছোটপর্দায়!
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নতুন এক ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে আর জি কর কাণ্ডের সঙ্গে অনেকেই মিল পেয়েছেন। এতে অভিনয় করছেন সুস্মিতা দে।
তবে ধারাবাহিকটিকে আরজি কর কাণ্ডের সঙ্গে মেলাতে চান না সুস্মিতা। তার কথায়, “গল্পটা তো খুবই ভালো। স্পর্শকাতর একটা বিষয় নিয়ে ধারাবাহিকের কাহিনি বোনা হয়েছে। যতদিন যাবে তা আরও স্পষ্ট হবে। তবে আরজি করের ঘটনার সঙ্গে আমাদের ধারাবাহিকের খুব যে মিল রয়েছে তা বলতে পারব না। বিনোদনের জন্য যেমন কাহিনি তৈরি করা হয়, সেই সব উপাদানই আছে।”
ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। একটি চরিত্রের জন্য তাকে শিখতে হয়েছে ব্যালে নাচ। তিনি বলেন, “শুধু তো ব্যালে নয়, অ্যাকশন দৃশ্যও করতে হচ্ছে। নাচের প্রশিক্ষণ নিচ্ছি। তার সঙ্গে আবার ফাইট দৃশ্য। খুবই চাপ যাচ্ছে।”
এদিকে ওই বছরই অভয়ার ঘটনায় অভিযুক্ত ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় হাসপাতালের মেডিকেল কাউন্সিল। অভিযুক্তদের বিরুদ্ধে গড়া তদন্ত কমিটির তদন্ত শেষে সুপারিশের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি মামলাটি নতুন করে তদন্তের ভার দেওয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে। এ মামলায় নতুন তদন্ত কর্মকর্তাসহ তিনজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।
আরআর