বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক, নৈতিক ও দায়িত্বশীল পাখি পালন সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘পাখি’ (পাখি বিষয়ক জ্ঞান, পরিচর্যা ও উদ্ভাবনের প্ল্যাটফর্ম)। এ উপলক্ষে ফার অ্যান্ড ফেদার বাংলাদেশ লিমিটেড আয়োজন করে ‘খাঁচার বাইরে - প্রথম অধ্যায়: বাংলাদেশের পাখি পালনকারীদের সঙ্গে এক বিকেল’ শীর্ষক অনুষ্ঠানের।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর উত্তরার ফিওরি কফি অ্যান্ড বেকারিতে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি পালনকারী, পাখিপ্রেমী, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের পাখি খাতকে বিজ্ঞানভিত্তিক, সুসংগঠিত ও টেকসই শিল্পে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ প্রজনন ও জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখির চিকিৎসায় বিশেষজ্ঞ ডা. সিফাত ই. রাব্বানি।
অনুষ্ঠানে পরিবেশ, সংস্কৃতি ও পাখি সংরক্ষণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের চেয়ারপারসন সামিনা ইসলামকে ‘পাখিবন্ধু সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়।
সম্মাননা হাতে নিয়ে আপ্লুত সামিনা বলেন, ‘আমি সিনেমার মানুষ। তবে ছোটবেলা থেকেই পাখির প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করি। এবার পাখিবন্ধু সম্মাননা পেয়ে আমি সত্যিই আপ্লুত। আয়োজকদের প্রতি আমার কৃতজ্ঞতা। পাখিদের ভালোবেসে যারা এক হয়েছেন তাদের প্রতি ভালোবাসা।’
সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে ‘পাখি’-এর লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সমন্বিত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে একটি আধুনিক পাখি-ভিত্তিক পরিবেশব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।
আয়োজকদের ভাষ্য, ‘খাঁচার বাইরে’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের পাখি খাতের অংশীজনদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম হিসেবে নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি ‘পাখি’ দেশের পাখি পালন, স্বাস্থ্যসেবা, গবেষণা, শিক্ষা, নৈতিক প্রজনন ও উদ্ভাবনকে সমন্বিত করার লক্ষ্যে কাজ করবে।
আরআর