বিনোদন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার অডিশনে প্রথম দেখা। এরমধ্যে পেরিয়েছে এক দশক। দীর্ঘ সময়ের পরিচয় শুধু বন্ধুত্ব আটকে থাকেনি। সহ-অভিনেতা থেকে এখন একে অপরের জীবনসঙ্গী হয়েছেন হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেনডায়া।
বছরে বেশ কয়েকবার তাঁদের সম্পর্কে গুঞ্জন শোনা যেত। তবে গুঞ্জনের আগুন তীব্র হতে দেননি। বরং বছরের পর বছর ধরে তাদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন। তবে ভক্ত ও গণমাধ্যম তাদের প্রতিটি সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সম্পর্কের সূত্র খুঁজে নিতে ভুল করেনি।

প্রথমদিকে প্রেমের গুঞ্জন অস্বীকার করলেও ২০২১ সালের দিকে সম্পর্কের কথা প্রকাশ করেন তারকা জুটি। এরপর বাগদান। সবশেষ ২০২৬ সালে হল্যান্ড নিজেই বিয়ের সুখবর দেন। তাদের যাত্রাপথ রূপকথার চেয়ে কম কিছু নয়। ভক্তরা এখন তাদের আসল বিয়ের ছবি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। এরই মধ্যে তারকা জুটি নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বক্স অফিসে ঝড় তুলেছে। জানা গেছে, বছরের শেষের দিকে জেনডায়ার ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজিতে পিটার পার্কার ও এমজে চরিত্রে অভিনয় করতে গিয়ে টম ও জেনডায়ার পরিচয়। ছবিটি মুক্তির পর থেকে প্রেমের গুঞ্জন চাউর হলেও ২০১৭ সালের জুলাই মাসে তারা সরাসরি অস্বীকার করেন। একই সাথে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন। এরপর ২০১৯-২০ সালের দিকে কিছু সময়ের জন্য তারা অন্য সম্পর্কে জড়ায়।
২০২১ সালের জুলাই মাসে লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ির ভেতর চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হলে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়। এর ঠিক এক মাস পর এক বন্ধুর বিয়েতে হাত ধরে থাকতে দেখা যায় তাদের। ২০২১ সালের সেপ্টেম্বরে জেনডায়ার জন্মদিনে ‘আমার এমজে’ হিসেবে সম্বোধন করে পোস্ট করেন টম হল্যান্ড। সেই পোস্টের মাধ্যমের তাঁদের সম্পর্কে গুঞ্জনে অনুষ্ঠানিকভাবে সিলমহর মারেন।

এর পর তারকা জুটির সম্পর্কের গভীরতা বাড়াতে থাকে। ২০২২ সালের জানুয়ারিতে লন্ডনে প্রায় ৩০ কোটি রুপিতে একটি বিলাসবহুল ম্যানশন কেনার খবর প্রকাশ পায়। যদিও সে সময় গর্ভধারণের একটি ভুয়া গুজব ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোপ প্রকাশ করেছিলেন জেনডায়া। পরবর্তীতে ২০২৩ সালের মার্চে জেনডায়ার হাতে ‘টিএইচ’ (টম হল্যান্ডের নামের আদ্যক্ষর) খোদাই করা আংটি দেখা গেলে তাদের বাগদানের গুঞ্জন আরও জোরালো হয়।
সম্পর্ক নিয়ে বরাবরই চুপচাপ ছিলেন এই জুটি। ২০২৪ সালের জুনে ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া সাক্ষাৎকারে হল্যান্ড জানান, তাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র। এটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। যার সঙ্গে পেশাগত জীবনের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে ‘এস্কোয়ার’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জেনডায়াকে তার প্রিয়জন হিসেবে উল্লেখ করে বলেন, ‘জেনডায়ার সঙ্গে বেশ সুখী বোধ করছি।’

২০২৪ সালের শেষভাগে টিএমজেড জানায় ঘরোয়া আয়োজনে বাগদান সেরেছেন এই যুগল। প্রতিবেদন প্রকাশের কিছুদিন পর ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জেনডায়ার হাতে একটি নজরকাড়া হীরার আংটি দেখা যায়। যার মাধ্যমে তাঁদের বাদগানের গুঞ্জন আরও পোক্ত হয়। পরবর্তীতে টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড একটি ব্লগে ছেলের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টম নিজে পরিকল্পনা করে জেনডায়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
অবশেষে ২০২৬ সালের মার্চ মাসে অ্যাক্টরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ এক সাক্ষাৎকারে মুখ ফসকে বলে ফেলেন তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এরপর ২০২৬ সালের জুন মাসে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ইএইচ/