বিনোদন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
চিত্রনায়ক জায়েদ খান বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা পোশাক খুলে উল্লাস করতে দেখা যায় তাকে, যা নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ছড়াচড়ি। এবার নিজের জন্মদিনে একটি পোস্টার উপহার দিয়ে চমক দিলেন এই অভিনেতা।
পোস্টার প্রকাশ করে জায়েদ লিখেছেন, ‘আজকে (৩০ জুলাই) আমার জন্মদিন। জন্মদিনে সবার জন্য এই উপহারটা দিলাম!’
প্রকাশিত পোস্টারে দেখা যায়, জায়েদের মুখের চারপাশ ঘিরে রয়েছে বেশ কয়েকজন নারীর হাত। গোল্ডেন ট্রফি রঙের টাইটেলকার্ডে লেখা ‘শিকারি চরিত্রে জায়েদ খান’। পোস্টারটি শেয়ার করার পর থেকে অনুরাগী ও নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, সামনে বড় কোনো ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তিনি! যদিও ‘শিকারি’ কী ধরনের কনটেন্ট হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
ইএইচ/