Dhaka Mail Logo

বিনোদন

জিয়া হকের গানে শিশুশিল্পী মাফরুহা 

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের গানে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মাফরুহা বিনতে শাকুর। জুলাই শহীদ-স্মরণে লেখা ‘ভুলবো না’ গানটি মাফরুহার ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রিলিজ হয়েছে। গানটি সুর করেছেন নিয়ামুল হোসাইন। 

কবি জিয়া হক বলেন, ‘জুলাই শহীদ-স্মরণে লেখা ‘ভুলবো না’ গানটির কথা শুনলে শ্রোতারা জুলাইয়ের ভয়াল-কঠিন, আমানবিক দিনে ফিরে যাবেন। চোখের সামনে ভেসে উঠবে নিষ্পাপ শিশুর নিষ্প্রাণ দেহ। কোমলমতি শিশুদের, শিক্ষার্থীদের রক্তাক্ত লাশ। আদরের সন্তান হারিয়ে বাবা-মায়ের বুকফাটা চিৎকার। শহীদ আবরার, আবু সাঈদ, সামির, সিয়াম, সৈকত ও হাদিদের আত্মত্যাগের সাহসী চিত্র ফুটে উঠেছে গানটির ছত্রে ছত্রে।’ 

শিশুশিল্পী মাফরুহার ভাষ্য, ‘এই সময়ের তুমুল জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের লেখা গানে কণ্ঠ দিতে পেরে সত্যিই ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের একটা উজ্জ্বল দিক। আশা করি, শ্রোতারা গানটি উপভোগ করবেন। জুলাই শহীদদের স্মৃতি নিঃসন্দেহে অম্লান করে রাখবে ‘ভুলবো না’ গানটি। গানটির প্রতিটি চরণ হৃদয়বিদারক। গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার চোখ ভিজে উঠেছে বারবার।’ 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’, ‘কোটি হাদির ডাক’সহ বিপ্লবী সবকটি কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। 

কবিতা ও গান মিলিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

এএইচ